ঘ্রাণ পেলেই আমরা মনে মনে তার একটা রূপ খুঁজি। কিসের মতো? কার সঙ্গে মেলে? ওহ হ্যাঁ, এটা তো গন্ধরাজ, লেবু কিংবা ক্যারামেলের মতো। ঘ্রাণের এই চেনা টুকরোগুলোকেই বলে নোট (Note)। ব্যাপারটা আমরা ইচ্ছে করে করি না। চেনা হোক বা অচেনা, কোনো ঘ্রাণ নাকে এলেই মস্তিষ্ক নিজে থেকেই তার উৎস খুঁজতে শুরু করে, ছবি আঁকতে বসে। এটা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক মনস্তাত্ত্বিক আর স্নায়বিক বৈশিষ্ট্য।
অলফ্যাক্টরি মেমোরি (Olfactory Memory)
ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গেই নাকের সংকেত সরাসরি পৌঁছায় মস্তিষ্কের অ্যামিগডালা আর হিপোক্যাম্পাসে, যে দুটো অংশ স্মৃতি আর আবেগ নিয়ন্ত্রণ করে। তাই ঘ্রাণ পাওয়া মাত্রই মস্তিষ্ক পুরোনো স্মৃতি হাতড়ে সেই গন্ধের সঙ্গে জড়িত ছবিটা চোখের সামনে ভাসিয়ে তোলে।
অন্য সব ইন্দ্রিয়ের তথ্য মস্তিষ্কে পৌঁছানোর আগে ঘুরপথে আসে। ঘ্রাণ আসে সরাসরি। সেজন্যই ছবি দেখে যা মনে পড়ে না, ঘ্রাণ শুঁকে তা মুহূর্তে ফিরে আসে।
এখন আমরা দেখব সুগন্ধির অন্তর্নিহিত নোটগুলো কী জিনিস, আর ভালো সুগন্ধি বেছে নিতে হলে এই জিনিসটা জানা কেন জরুরি।
সুগন্ধি নোটের আদ্যোপান্ত
খেয়াল করেছেন কখনো? দিন শেষে সুগন্ধির ঘ্রাণে যে কোমলতা অনুভূত হচ্ছে, এটা কিন্তু লাগানোর মুহূর্তে ছিল না। এটাই ঘ্রাণ স্তরের পরিবর্তনশীল রূপ-Notes।
এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে, সব সুগন্ধিতে নোট থাকে, তবে সবগুলোতে পিরামিড (একাধিক ঘ্রাণ-স্তর) থাকে না।
চলুন বিস্তারিত বুঝি…
নোটের স্তরবিন্যাস
সুগন্ধি ত্বকে লাগানোর পর সাধারণত তিন ধাপে ঘ্রাণের স্তর খোলে।
১. টপ নোট (Top Notes), ৫ থেকে ২০ মিনিট
২. হার্ট নোট (Middle/Heart Notes), ২ থেকে ৪ ঘণ্টা
৩. বেস নোট (Base Notes), ৬ থেকে ১২ ঘণ্টা বা এরও বেশি
সময়টা ধরাবাঁধা না, কম্পোজিশন আর ফ্র্যাগরেন্স ইঞ্জিনিয়ারিং অনুযায়ী বদলায়।
হালকা সাইট্রাস Notes গুলো Top-এ বসে, ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গেই যে সুবাস। ফুল আর মশলা Heart Note-এ বেশ মানায়, আর এখানেই সুগন্ধি সবচেয়ে বেশি সময় থাকে। এটাই একটা সুগন্ধির প্রকৃত মজা। আর কাঠ Oud, Amber আর Musk থাকে Base Note-এ, যা কাপড় ধুতে যাওয়ার মুহূর্তেও মনে করিয়ে দেয়।
এর পেছনে রহস্যের কিছু নেই। পুরোটাই আধুনিক রসায়ন আর পদার্থবিজ্ঞানের কারসাজি, আর মূল কারণ দুটো, বাষ্পচাপ আর আণবিক ভর।
শরীরের তাপ পেয়ে সবচেয়ে হালকা অণুগুলো আগে উবে যায়, যেমন সাইট্রাস জাতীয় মনোটারপিন। এদেরই আমরা টপ নোট হিসেবে পাই। ওগুলো উড়ে গেলে মাঝারি ওজনের যৌগ জাগে, যেমন ফুলের নির্যাসের এস্টার আর অ্যালকোহল, এটাই হার্ট নোট।
সবশেষে থাকে সবচেয়ে ভারী আর জটিল যৌগগুলো, সেসকুইটারপিন, রেজিন আর ম্যাক্রোসাইক্লিক মাস্ক। এদের বাষ্পচাপ এত কম যে ত্বকের লিপিডে আটকে থেকে ঘণ্টার পর ঘণ্টা সুবাস ছাড়ে। এটাই বেস নোট। পারফিউমার যখন উপাদান সাজান টপ, হার্ট আর বেসে, তিনি আসলে সেগুলো সাজাচ্ছেন ওজন অনুযায়ী।
ন্যাচারাল আতরেও কি নোট পিরামিড থাকে, নাকি শুধু সিন্থেটিক সুগন্ধিতে ?
দুটোতেই থাকে, তবে একরকম নয়।
খাঁটি ন্যাচারাল নির্যাসে পিরামিড পারফিউমারের সাজানো না, প্রকৃতির নিজের। একটা গোলাপ তেলের ভেতরেই শত শত যৌগ থাকে, নানা ওজনের। হালকাগুলো আগে ওড়ে, ভারীগুলো পরে। তাই খাঁটি রুহ গুলাব বা লোটাসে সময় গড়ালেও একই ঘ্রাণ পাবেন, শুধু তীক্ষ্ণতাটা নরম হয়ে আসবে। একদম গোলাপ থেকে গন্ধরাজ হয়ে যাবে, এমন না।
সিন্থেটিক সুগন্ধি তেলে পিরামিডটা বানানো যায়। পারফিউমার ইচ্ছে করে হালকা, মাঝারি আর ভারী অণু আলাদা করে সাজান, যাতে ঘ্রাণ নির্দিষ্ট ছন্দে খোলে। কোন নোটে কোনটার ঘ্রাণ খুলবে, সেটা নির্ভর করে মিক্সিং রেশিওর ওপর। তেলভিত্তিক আতরে স্থায়িত্বের পুরো কাজটা করে ফিক্সেটিভ। চন্দন বা অ্যাম্বারের মতো ভারী প্রাকৃতিক তেল, কিংবা আইসো ই সুপার আর গ্যালাক্সোলাইডের মতো সিন্থেটিক, এরা হালকা অণুগুলোকে ধরে রাখে।
Fragrance Accord কী?
পারফিউম তৈরির যত প্রযুক্তি আছে, সব এখানে ব্যবহার হয়। ফলে ইচ্ছেমতো ফ্র্যাগরেন্স বিহেভিয়ার ডিজাইন করা যায়, আর ঘ্রাণ পিরামিডের পারফরম্যান্সও ভালো পাওয়া যায়।
সিনথেটিক সুগন্ধি এবং ন্যচারাল সুগন্ধি সম্পর্কে বিস্তারিত জানতে পড়তে পারেন এই দারুণ লেখাতই ...ক্লিক করে পড়ুন
Fragrance Accord কী?
একাধিক Note বা aroma material মিশিয়ে যখন নতুন ও একসঙ্গে বোঝা যায় এমন একটি ঘ্রাণ তৈরি করা হয়, তাকে Fragrance Accord বলা হয়। যেমন, কয়েক ধরনের Musk-এর সঙ্গে Amber, Sandalwood বা ফুলের Notes মিশিয়ে একটি নির্দিষ্ট musky ঘ্রাণ তৈরি করা যায়। এটিই Musk Accord। একইভাবে Amber, Leather বা White Musk-এর মতো অনেক পরিচিত ঘ্রাণও একক raw material না হয়ে Accord হিসেবে তৈরি হতে পারে।
আসুন, কিছু মৌলিক নোটের সঙ্গে পরিচিত হই
পারফিউমাররা যত জিনিসের ঘ্রাণ ধরেছেন, তার তালিকা করতে বসলে দিন পার হয়ে যাবে।
সাইট্রাস: লেবু, মিন্ট, বার্গামট, কমলা, নেরোলি থেকে শুরু করে ইয়ুজু, কাফির লাইম, এমনকি আমাদের সিলেটের হাতকরা লেবু পর্যন্ত।
Floral-ফুল: গোলাপ, জেসমিন, বেলি, চাঁপা, লোটাস, ইরিস।
Spicy-মশলা: দারুচিনি, এলাচ, লবঙ্গ, জাফরান, গোলমরিচ, তেঁতুল।
Oud-কাঠ: চন্দন, সিডার, ভেটিভার, প্যাচৌলি, আর অবশ্যই উদ। উদের আবার আলাদা আলাদা নাম, কম্বোডিয়ান উদ, ইন্ডিয়ান উদ, মালয়েশিয়ান উদ, ট্রাট উদ।
Amber/রেজিন: আর বালসাম বাখুর, লোবান, মির, বেনজয়েন, ল্যাবডানাম, স্টাইরাক্স।
Musk-মাস্ক: Deer Musk, কস্তুরী, চামড়া, এমনকি সামুদ্রিক শামুক পর্যন্ত।
আর সবচেয়ে অদ্ভুত শ্রেণিটা ভেজা পাথর, বৃষ্টির গন্ধ, পুরোনো বই, কালি, ধোঁয়া, চা, ট্যালকম পাউডার, এমনকি মাটির আতর আর শামামা আতরও।
এ ছিল কিছু উপাদান, বাংলাদেশের পারস্পেক্টিবে অনেক কিছু মাথার উপর দিয়ে গেলে ধরার চেষ্টা করাটা বৃথা।
নিজের পছন্দের নোট বুঝবেন কীভাবে
নিজের সিগনেচার সুগন্ধি খুঁজতে হলে খেয়াল করুন কোন নোট আর কোন ফ্যামিলি আপনার সঙ্গে মেলে। সাইট্রাসের ঝলমলে ভাব, ফুলের রোমান্স, নাকি কাঠের গভীরতা, কোনটা আপনাকে টানে সেটা জানা থাকলে বেছে নেওয়া অনেক সহজ হয়।
আর প্রসঙ্গটাও ভাবুন। হালকা সাইট্রাস বা ফুলেল ঘ্রাণ দিনের বেলায় ভালো চলে, আর গভীর ওরিয়েন্টাল বা উডি সুগন্ধি রাতের জন্য বেশি মানানসই।
ঋতুও একটা বড় ব্যাপার। সতেজ, হালকা নোট গরমের জন্য আদর্শ, আর উষ্ণ মশলাদার কম্পোজিশন শীতে আরাম দেয়।
এমনকি মেজাজও ভূমিকা রাখে। ল্যাভেন্ডার মন শান্ত করে, বার্গামট এনে দেয় সতেজ একটা শক্তি, আর প্যাচৌলি যোগ করে ইন্দ্রিয়গ্রাহী একটা ছোঁয়া।
স্যাম্পল নিয়ে ঘেঁটে দেখুন, আর খেয়াল রাখুন কোন নোট ভালো লাগছে আর কোনটা লাগছে না। এভাবেই ধীরে ধীরে নিজের একটা সংগ্রহ গড়ে উঠবে, যা সত্যিই আপনার ব্যক্তিত্ব আর জীবনযাপনের সঙ্গে মেলে।
ঘ্রাণ, স্মৃতি আর আবেগের সম্পর্ক
ঘ্রাণ শুধু নাকের ব্যাপার না। স্মৃতি জাগায়, মন ভালো করে, আর ব্যক্তিত্বে আলাদা একটা মাত্রা যোগ করে। আরোয়া চেষ্টা করে প্রতিটা সুগন্ধির বর্ণনা এমনভাবে লিখতে, যাতে পড়েই অনুভূতিটা জেগে ওঠে। আপনি যেন নিজের জন্য সঠিক আতরটি খুঁজে পান, কিংবা নতুন কিছু পরখ করে চমকে যান।
আমাদের প্রিমিয়াম কালেকশনের প্রতিটা আতরেই আছে বৈচিত্র্যময় Notes। ঘুরে দেখলেই কিনতে হবে বলছিনা, তবে অবশ্যই আপনার ভাল লাগবে। ইনশা'আল্লাহ




